চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট সেতু এলাকা থেকে বিভিন্ন ধরনের ছয়টি অস্ত্রসহ সাত জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার ভোররাতের দিকে পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর পুলিশ আহত অবস্থায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন আবুল কালাম, জহির উদ্দিন, জসীম উদ্দিন, মিরাজ, শামসুর রহমান, আজাহার ও মোহাম্মদ তৈয়ব।
চান্দগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) সাইরুল ইসলাম জানান, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকা থেকে ডাকাতি করে একটি পিকআপ যোগে ডাকাত দলের সদস্যরা শহরে ফেরার পথে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পুলিশের চেক পোস্টের মুখোমুখি হয়।
ডাকাতরা পুলিশের অবস্থান দেখতে পেয়ে পুলিশের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকাতদলের পিছু নেয়। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত সদস্যরা কালুরঘাট সেতু দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক ব্রিজের ওপর উঠে পড়লে ডাকাতদলের পিকআপটি ব্রিজের ওপর আটকা পড়ে।
এই সময় ডাকাতরা পালাতে না পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। প্রায় ঘণ্টাব্যাপী পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধের পর পুলিশ সাত ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছয়টি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
কেএইচ





