সেপ্টেম্বরের প্রথম দিন থেকে সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম পাঁচ তারকা হোটেল- রূপসী বাংলা। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি মাসে নতুন রূপে ইন্টারকন্টিনেন্টাল নামে ফিরে আসবে হোটেলটি।
এদিকে, ১৬ মাস সংস্কার কাজের জন্য হোটেল বন্ধ থাকার খবরে আবেগে আপ্লুত হোটেলের অনেক নিয়মিত বিদেশী অতিথি।
প্রায় ৪৮ বছর আগে, ১৯৬৬ সালে সাড়ে ৪ একর জমিতে রাজধানীর শাহবাগে যাত্রা শুরু করে দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল। পরে পরিচালন অংশীদার বদল হওয়ায় হোটেলের নাম হয় শেরাটন। আবার নাম বদলে তা হয় রূপসী বাংলা।
গেল অর্ধ শতাব্দীতে ৫ তারকা হোটেলের সাজ-সজ্জা ও আরাম আয়েশের ধারণায় এসেছে ব্যাপক পরিবর্তন। আর তাই যুগের সাথে তার মেলাতে নেয়া হয়েছে হোটেলটির সংস্কারের উদ্যোগ।
আগামী ১৬ মাস বন্ধ থাকবে হোটেলের কার্যক্রম। সংস্কার কাজে প্রেসিডেন্সিয়াল স্যুট ও সাধারণ অতিথিকক্ষের মান উন্নয়ন করার পাশাপাশি বাড়ানো হবে ঘরের আয়তনও।
বর্তমানে ২৮ বর্গমিটারের ঘরগুলো সংস্কার কাজের পর বেড়ে দাঁড়াবে ৪০ বর্গমিটারে। আর ২৭২ কক্ষের হোটেল পরিণত হবে ২২৬ কক্ষে।
বিপণন পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে নাম্বা ওয়ান ব্রান্ড। আর এটাকে নিতে হলে এর অবকাঠামো এবং সুযোগ সুবিধা সেভাবে করতে হবে।’
সংস্কার কাজের জন্য হোটেল বন্ধ রাখার খবরে আবেগে আক্রান্ত ছিলেন গত ৫ দশক ধরে রূপসী বাংলা হোটেলের অতিথি ব্রিটিশ নাগরিক ডেনিস ওয়ারউইক।
হোটেলের অতিথি ব্রিটিশ নাগরিক ডেনিস ওয়ারউইক বলেন, বিষয়টি আমার জন্য খুবই দু:খজনক। যখন কয়েক মাস পর আবারো বাংলাদেশে আসবো, তখন জানি না কোথায় থাকবো ! হয়তো অন্য হোটেলে উঠবো কিন্তু এই হোটেলের পরিবেশ পাবো না।
কার্যক্রম বন্ধ হলেও, হোটেলের কোন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র , বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ- বলাকা ও বর্তমান রূপসী বাংলাতে কমর্রত থাকবেন সবাই।
১৯৭১ সালের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের সময় ইন্টারকন্টিনেন্টাল নামে চালু ছিলো হোটেল রূপসী বাংলা। প্রায় ৪৫ বছর পর পুরনো নামে ফিরে যুদ্ধকালীন সময়ের স্মৃতিকে সংরক্ষণ করতে হোটেলে মধ্যে একটি স্মৃতিফলক নির্মাণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





