বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আজ শুরু হয়েছে। এ এইচ মাহমুদ আলী ও সুষমা স্বরাজের মধ্যে এ বৈঠক হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পক্ষে দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া বৈঠকে দুই দেশের পররাষ্ট্রসচিব উপস্থিত আছেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে তাঁর কার্যালয়ে যাবেন সুষমা স্বরাজ। তিনি আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।
সন্ধ্যায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন সুষমা।
তিন দিনের ‘শুভেচ্ছা সফরে’ গতকাল বুধবার রাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতে সম্প্রতি বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর সুষমা স্বরাজের সফরটি বাংলাদেশে দিল্লির পক্ষ থেকে উচ্চ রাজনৈতিক পর্যায়ে প্রথম সফর।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





