ঠাকুরগাঁও সদরের পৌর এলাকার গোবিন্দনগর মুন্সির হাটে মাজহারুল ইসলাম বাবু (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাজহারুল ইসলাম সদর উপজেলার হরিহরপুর (চিনিকল পাড়া) গ্রামের কদম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, নেভী সিগারেট কোম্পানির ঠাকুরগাঁও এর ডিলার মাজহারুল ইসলাম বাবু মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও রোড পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় যাওয়ার পথে অস্ত্রধারী এক দল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ওই ব্যবসায়ী মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৩০ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি পিস্তল ও হাত বোমা ফেলে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যবসায়ী মাজহারুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, দুর্বৃত্তদের ফেলে রাখা একটি পিস্তল ও হাত বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ