নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুই মৃত ব্যক্তির নামে নোটিশ দিয়েছেন থানার এক উপপরিদর্শক (এসআই)। একটি জিডির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়।

জানা গেছে, জমি-সংক্রান্ত বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার একটি জিডির সূত্র ধরে এসআই জসিম উদ্দিন জমির মালিক উল্লেখ করে জুয়েল, সোহেল, রিপন, মিজানুর রহমান, মিনার হোসেন ও হাফিজুর রহমানের নামে নোটিশ দেন। তবে এরই মধ্যে সোহেল ও রিপনের মৃত্যু হয়েছে। সোহেল ১৯৮৮ সালে ও রিপন ২০০১ সালে মারা যান। তাঁদের দুজনকে জীবিত উল্লেখ করে নোটিশ দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া স্কুল রোড এলাকার আবদুল জলিল নামের একজন সোহেল ও রিপনের বিষয়ে পুলিশকে মিথ্যা তথ্য দেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন যাচাই-বাছাই না করেই নোটিশ দেন। নোটিশ পাওয়া ব্যক্তিদের সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হতে বলা হয়। কিন্তু ছয়জনের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। বাকি দুজন উপস্থিত না হওয়ায় সোহেল ও রিপনের মৃত্যুর বিষয়টি বের হয়ে আসে।

জানতে চাইলে এসআই জসিম উদ্দিন বলেন, ‘সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া স্কুল রোড এলাকার আবদুল জলিলের দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দিয়েছি। তবে জিডিতে অভিযোগকারী উল্লেখ করেননি যে সোহেল ও রিপন মারা গেছেন। পরে বিষয়টি জানতে পেরে আমি ওই ব্যক্তিকে শাসিয়েছি।’

এমবিএইচ