করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৫৫ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।
বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৪২৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২০৬টি। এখন পর্যন্ত ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৪৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৫০ শতাংশ।
মৃত্যুবরণকারীদের ৭৭ জনের মধ্যে ৪৩ জন পুরুষ এবং নারী ৩৪ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ২৬৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আট জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন মারা গেছেন।
বিভাগওয়ারী অনুযায়ী মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৫ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
এমবি





