সমুদ্র সীমা নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াই শেষ হয়েছে গত ডিসেম্বরেই। অপেক্ষা ছিল শুধু রায়ের। আগামী জুলাই মাসের ২ তারিখই হতে পারে সেই কাঙ্খিত দিন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত এদিন ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধবিষয়ক মামলার রায় ঘোষণা করতে পারে।

এর আগে গত ১৮ ডিসেম্বর এ মামলার শুনানি শেষ হয় বলে জানান স্থায়ী সালিশি আদালত। অমীমাংসিত সমুদ্রসীমা নিয়ে প্রায় তিন বছর ধরে মামলা চলার পর রায় পেতে যাচ্ছে বাংলাদেশ।

প্রতিবেশী দু’টি দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আলোচনা শুরু হয় ১৯৭৪ সালে। দীর্ঘসময় বিরতি দিয়ে কয়েকটি বৈঠক হলেও এতে সমাধান না হওয়ায় দ্য হেগের আদালতে ২০১১ সালের মে মাসে আনুষ্ঠানিক দাবি উত্থাপন করে বাংলাদেশ। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির নির্দেশনায় মামলা ঠুকে বসে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আশা করছি চলতি মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে রায় ঘোষণা হতে পারে। মামলার রায় উপলক্ষে একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ঢাকা, ১৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস