রাজধানীর কামরাঙ্গীর চর হুজুরপাড়া এলাকায় বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হুজুরপাড়া আমির হামজা রোডের চারতলা বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তার স্বামীর নাম ওবায়দুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

নিহতের স্বামীর ভাতিজা আকিদুল ইসলাম জানার, সেলিনা বেগমের স্বামী এস এম ওবায়দুল্লাহর বাড়ি কামরাঙ্গীরচর হুজুরপাড়া আমির হামজা রোডে। বাসাটি চারতলা। দ্বিতীয় তলায় থাকতেন সেলিনা। ওবায়দুল্লার দ্বিতীয় স্ত্রী সেলিনা।

আকিদুল বলেন, চাচার বাসার পাশেই আমার বাসা। রাত সাড়ে ৮টার দিকে চাচার বাসার সামনে অনেক লোকজনের ভিড় দেখতে পাই। হঠাৎ দেখি চাচিকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে অটো রিকশায় তোলা হচ্ছে। চাচা আমাকে দেখতে পেয়ে বলল, আমার সব শেষ হয়ে গেছে। তোর চাচিকে দ্রুত হাসপাতালে নিয়ে চল। এক পর্যায়ে আমরা চাচিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সেলিনার গলায় ধারালো অস্ত্রের আঘাতে ছিল। আঘাতের ধরন দেখে মনে হয়েছে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি চারতলা বাসার নিচতলায় আগে ভাড়াটিয়া ছিল। তারা বাসা ছেড়ে দিলেও কিছু মালামাল রেখে যায়। আজকে সেই মালামাল নিতে এসে দুই যুবক তাদের বাসায় প্রবেশ করে এবং দ্বিতীয় তলায় গিয়ে সেলিনাকে বলে যে আপনার স্বামীর সঙ্গে কথা হয়েছে আমরা মালামাল নিতে আসছি। একপর্যায়ে সেলিনাকে রক্তাক্ত অবস্থায় লোকজন দেখতে পায়।

ঘটনার পরপরই ওই দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

এমআরfacebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button