গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, কালিয়াকৈর থানার একটি গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এমএ মান্নানকে দুপুর ১২টার দিকে সাতদিনের রিমান্ড চেয়ে ওই আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে ওই আদালতের বিচারক রেহেনা আক্তার একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি তিনটি মামলায় জামিন পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি ভোরে কালিয়াকৈর উপজেলার বটতলা মহিষবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসে ঘুমিয়ে থাকা হেলপার তোফাজ্জল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলা মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ।

কেএইচ