ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতদের হামলায় রত্না বেগম (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর পরিবারের আরও তিনজন।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত রত্নার বাবা উসমান মিয়ার (৪৫) ভাষ্য, রাত দুইটার দিকে মুখোশ পরা ২৫ থেকে ৩০ জন লোক মধ্যপ্রাচ্যপ্রবাসী সুলেমান মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।
তারা প্রথমে অস্ত্রের মুখে সুলেমান মিয়ার মা ফাতেমা বেগমকে (৮০) জিম্মি করে। পরে একেক করে তাঁর চার প্রবাসী ছেলে সুলেমান মিয়া, আবদুল হালিম, জসিম উদ্দিন, আশরাফুল মিয়া ও ওষুধ ব্যবসায়ী উসমান মিয়ার (৪৫) ঘরে ঢোকে।
ডাকাত দল ঘরে ঢুকে প্রথমেই উসমান মিয়া, তাঁর মেয়ে রত্না বেগম, ছেলে রুহুল আমীন (১৮) ও ভাতিজা ইয়াছিন মিয়াকে (১৮) মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে নগদ সাড়ে তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
উসমান মিয়া আরও বলেন, ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র, দা, চাপাতি, লাঠি, ছোরা ও লোহার রড ছিল।
ডাকাতেরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রত্না ও উসমানের অবস্থার অবনতি হলে তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাত চারটার দিকে রত্নাকে ঢাকায় নেয়া হয়। পথেই তিনি মারা যান।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন।
কেএইচ





