বর্তমান সরকারের সময় অনেক আলোচনা হলেও এখনও তিস্তা চুক্তি করা সম্ভব হয়নি। তবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, অবশ্যই তিস্তা চুক্তি হবে।
সোমবার বিকেল ৪টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর বাজারে মধুরাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামুল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, "তিস্তা চুক্তি অবশ্যই হবে। দু-দেশের উচ্চ পর্যায়ে এ বিষয় আলোচনা চলছে।"
সম্প্রতি সংলাপ বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, "খালেদা জিয়াকে প্রস্তাব দিলে তিনি হরতাল দেন। ওনাকে নির্বাচনে আসতে বললে আসেন না। কিন্তু অবান্তর কথা বলেন।"
ভারতের সঙ্গে সমুদ্র সীমা মামলার বিষয়ে তিনি বলেন, দুইটি সমুদ্র সীমা মামলায় আমাদের জয় হয়েছে। এতে দুইটা বাংলাদেশের সমান জায়গা পেয়েছি। এই বিপুল সম্পদ কাজে লাগিয়ে দেশ আরো এগিয়ে যাবে।
ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





