ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসের চাপায় আশুগঞ্জ থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত উপ-পরিদর্শকের নাম নাছির উদ্দিন শরীফ (৪২)বলে জানা যায়।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এসআই নাছির উদ্দিন শরীফ সকালে মোটরসাইকেল নিয়ে থানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গেই রয়েল সার্ভিসের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, নিহত এসআই নাছির উদ্দিন শরীফের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি,কম)//এসএইচ