নড়াইলের দুর্র্ধষ সন্ত্রাসী মফিজুল ইসলাম মফিজকে (৩৭) অস্ত্র ও গুলিসহ আটক করেছেন র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। দিবাগত রাত সোয়া একটার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারের আরজি হোমিও ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মফিজ (৩৭) নড়াইলের ভোমবাগ গ্রামের মৃত জালাল বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি খোদাদাদ হোসেনের নেতৃত্বে একদল ফোর্স গোপন সূত্রে সংবাদ পেয়ে তুলরামপুর বাজারে অবস্থান নেয়। তারা ওই ক্লিনিকের সামনে পৌঁছালে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পিছুৃ ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তির নাম মফিজ।

তার বাড়ি নড়াইলের কালিয়ায়। গ্রেফতার করার সময় তার কাছ থেকে একটি সর্টগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানা গেছে, মফিজের নামে নড়াইলের কালিয়া থানায় ৫ টি মামলা রয়েছে। সে একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে কাজ করে থাকে। মফিজের বিরুদ্ধে দখলবাজি, নারীপাচার, চাঁদাবাজি, মারামারি, অপহরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকাবাসী সবচেয়ে আতংকে থাকতে হয়।

উজ্জ্বল রায়/জেড