নরসিংদী-৩ (নরসিংদী-শিবপুর) আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লার মেয়ের বিবাহত্তোর প্রীতিভোজ অনুষ্ঠানে পদদলিত হয়ে ফজলু মিয়া(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ফজলু মিয়া শিবপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার বড় মেয়ে সায়মা ইসলামের বিবাহোত্তর প্রীতিভোজ অনুষ্ঠানে অন্তত ১০ হাজার অতিথির আগমন ঘটে। দুপুরে প্রথম ব্যাচে খেতে বসেন অতিথিদের একাংশ। তাদের খাওয়া শেষ হওয়ার আগেই বাইরে অপেক্ষমাণ কয়েক হাজার অতিথি একসঙ্গে ধাক্কাধাক্কি করে প্যান্ডেলে ঢুকে পড়েন।
এ সময় ফজলু মিয়া মাটিতে পড়ে পদদলিত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমকে





