রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে উত্তাল রয়েছে ক্যাম্পাস।
সকাল থেকে বিভিন্ন ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের দু’পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
ফলে এ রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষক হত্যার বিচার ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। স্লোগানে স্লোগানে উত্তাল রুপ নেয় গোটা এলাকা।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বর থেকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। দীর্ঘ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়।
পরে অবস্থান কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের লিচু তলায় সমাবেশ করে। সমাবেশ থেকে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছাত্রসমাবেশের ডাক দেয়।
ক্লাস বর্জন করে শিক্ষক হত্যার দাবি জানাতে সমাবেশে অংশ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
এদিকে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তীক্ষ্ম দৃষ্টি রেখেছে। সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।
এসএম





