যাত্রীবাহী একটি বাসচাপায় আজমত আলী (৬৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও হেলপার।
বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজমত আলী আকুবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে আল্লাহর দান নামে একটি লোকাল বাস দ্রুত গতিতে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি পাকড় গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এসময় গাছের ছায়ায় বসে থাকা কৃষক আজমত আলী বাসের চাকায় পিষ্ট হন। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠান। তবে কুষ্টিয়ায় পৌঁছানোর আগেই আজমত আলীর মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, লাশ ও বাসটি পুলিশ হেজাফতে নেয়া হচ্ছে। বাসের চালক ও হেলপারকে আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআর





