রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু হত্যায় অন্যতম অভিযুক্ত মোছা. রিয়া বেগম ওরফে ময়নাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায়, যারা স্কুলঘরের তালা ভেঙ্গে তাকে বাইরে নিয়ে আসে, তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার।

আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি আরো বলেন, 'যারা তালা ভেঙে রেনুকে টেনে নিয়ে এসেছিলো তারা আমাদের নজরদারির মধ্যে আছে। অতি শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে আশা করি।'

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, 'রেনু হত্যাকাণ্ডে রিয়া এবং হৃদয় দুজনেই ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।'

উল্লেখ্য, গত ২০ জুলাই (শনিবার) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রেনুর ভাগিনা নাসির উদ্দিন।

এএস