বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ও খাদ্যমন্ত্রীর মেয়ের জামাই ডা. রাজন কর্মকারের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে রোববার (১৭ মার্চ) সন্ধ্যার পর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন তার মামা সুজন কর্মকার।
অভিযোগ দায়ের করা নিহতের মামা সুজন কর্মকার বলেন, রাজনের মৃত্যুকে আমরা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে রাজি নই। তাই আমরা তার মৃত্যুর ঘটনায় তদন্ত চাই।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, মৃত রাজন কর্মকারের মামা সুজন কর্মকার বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগ গ্রহণ করেছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ডা. রাজনের এক সহকর্মী নাম প্রকাশ না করে বলেন, রাজনের মরদেহের ময়নাতদন্ত করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই অনুযায়ী স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ (সোমবার) সকালে ময়নাতদন্ত করা হবে।
গত শনিবার দিনগত রাতে ডা. রাজন কর্মকার মারা গেছেন বলে তার মাকে জানান রাজনের স্ত্রী ডা. কৃষ্ণাকাবেরী মজুমদার। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজনের। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেও চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই।
রাজনের স্বজন ও সহকর্মীদের দাবি, তার মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর আগেও স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে আহত করেছিল বলেও অভিযোগ রয়েছে তাদের।
উল্লেখ্য, ডা. কৃষ্ণাকাবেরী মজুমদার বিএসএমএমইউয়ের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে।
জেড





