পড়া না পারায় ২৮ শিশুকে নর্দমার পানি খাওয়ানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। অদ্ভূত শিক্ষা পদ্ধতির এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলায়।

গত বুধবার উপজেলার গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এমনি ঘটনা ঘটেছে বলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন। এতে অনেক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ে।

তবে অভিযুক্ত শিক্ষিকা শাহানাজ পারভীন এ অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা জানান, শাহানাজ পারভীন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির মেয়ে। গত বুধবার তিনি চতুর্থ শ্রেণির ক্লাস নেন। ক্লাসে প্রায় ৩১ শিশু শিক্ষার্থী ছিল। এসময় পড়া না পারায় ২৮ শিক্ষার্থীকে স্কুলের পেছনের নর্দমার পানি খাওয়ান। পরে কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে বিষয়টি জানাজানি হলে শনিবার স্কুল খুললে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে অবস্থান নেন এবং ওই শিক্ষিকার শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে এক শিক্ষার্থীর বাবা বলেন, 'বুধবার রাত থেকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি তাকে স্কুলে নর্দমার পানি খাওয়ানো হয়েছে। ' একই অভিযোগ করেছেন এলাকার আরো কয়েকজন অভিভাবক ।

তবে অভিযুক্ত শিক্ষিকা শাহানাজ পারভীনের দাবি, 'আমি শিশুদের পচা পানি খাওয়ানোর কথা বলেছি। কিন্তু পচা পানি খাওয়াইনি। '

এ প্রসঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিযুক্ত শিক্ষিকার বাবা ইউনুস মৃধা বলেন, 'আমার মেয়ে কাজটা ঠিক করেনি। এলাকার লোকজন নিয়ে বিষয়টি মীমাংসা করব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর মাদবর বলেন, পড়া না পারার জন্য শিশুদের এ ধরনের শাস্তি দেওয়া জঘন্য অপরাধ ।

এএইচ