মাগুরা থানার পুলিশ গত রাতে সাইফুল ইসলাম ওরফে বাবুল বিশ্বাস (৩২) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করে আজ বুধবার আদালতে সোপর্দ করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, ধৃত বাবুল বিশ্বাস ও তার দলীয় ৮/১০ জন ডাকাত গত ২৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার পারনান্দুয়ালি গ্রামের লাকি রহমানের বাড়িতে ডাকাতি করে ২০ হাজার টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় লুণ্ঠনকৃত স্বর্ণের মধ্যে কিছু স্বর্ণ বাবুল বিশ্বাস মানি ব্যাগে লুকিয়ে রাখার সময় মানি ব্যাগ থেকে তার একটি ছবি মাটিতে পড়ে যায়।
পরে ডাকাতরা চলে গেলে বাড়ির লোকজন ওই ছবি মাটিতে পড়ে থাকাতে দেখতে পায়। পরে ওই ছবি নিয়ে মাগুরা থানায় মামলা দায়ের করে ভুক্তভগিরা। পুলিশ ওই ছবির সূত্রধরে অনুসন্ধান করতে থাকে। ধৃত বাবুল বিশ্বাসের ছবিসহ ইতিপূর্বে ফেসবুকে ছবি পোস্টিং করা থাকায় পুলিশ তদন্তকালে ওই ছবির সন্ধান পেয়ে যায়।
এরপর অনুসন্ধান চালিয়ে বাবুলের নাম ঠিকানা সংগ্রহ করে। বাবুল মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে ও পেশায় টাইলস মিস্ত্রী।
সে পুলিশের কাছে ওই ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তাকে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। বাকি আসামিদের গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান থানা পুলিশ।
এআই





