নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবকাশ নামে একটি আবাসিক হোটেল থেকে রায়হান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক রায়হান নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
৪৩ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) মজিবুল হক সিকদার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসন ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) সহযোগীতায় অবকাশ হোটেলে অভিযান চালানো হয়।
এসময় ওই হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ভারতের তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রায়হানকে আটক করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে রায়হান অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজস্ট্রেট হেদায়েত উদ্দিন, এনএসআয়ের কর্মকর্তা মো. রেজাউল হক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সিও মুজিবুল হক সিকদার।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





