বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বলেছেন, “আমার বাবা আমাদের মাঝে নেই। তিনি আছেন কোটি মানুষের হৃদয় জুড়ে।”
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুক্তির মহানায়ক’ নামে বিশেষ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মের সময় রাত ৮টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে এই অনুষ্ঠান শুরু হয়।
বঙ্গবন্ধুকে স্মরণ করে শেখ রেহানা বলেন, “সবাইকে শুভেচ্ছা ও সালাম। আজ ১৭ মার্চ ২০২০। আমাদের প্রাণের প্রিয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই দিনে আমরা সবাই মিলে অঙ্গীকার করি, আমাদের যা কিছু আছে তাই নিয়ে দুখী মানুষের মুখে হাসি ফোটাবো। সুন্দর, সমৃদ্ধ দারিদ্র্য-দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত দেশ গড়বো। সোনার বাংলাকে ভালোবাসবো। পরশ্রীকাতরতা থেকে নিজেদের মুক্ত রাখবো। ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দেবো। কেউ দাবায়ে রাখতে পারবে না।
শেখ রেহানা বলেন, এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, মুজিবের রত্নগর্ভা মা শেখ সায়েরা খাতুন ও বাবা শেখ লুতফর রহমানকে। আরও স্মরণ করি, চিরদিনের সুখে-দুখে মরণের সাথি তার প্রিয় রেণুকে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা বলেন, “বাবা বলতেন, ‘ত্যাগ-তিতিক্ষা ছাড়া কোনও জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না।” একটা মানুষ দেশের জন্য, মানুষের জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন তা আমরা খুঁজে পাই তারই লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে। কোনও অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি। লোভ-লালসা ভোগ-বিলাস থেকে নিজেকে দূরে রেখেছেন। করেননি আপস। মানবকল্যাণই ছিল তার ধ্যান-ধারণা, বিশ্বাসে-নিশ্বাসে। এমন মানুষ পৃথিবীতে খুবই কম আসেন। আসলেও তারা ক্ষণস্থায়ী হন।
শেখ রেহানা বলেন, “আজকের এই দিনে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সবাই মিলে হাত তুলে দোয়া করি, সর্বশক্তিমান আল্লাহ যেনো তাকে বেহেশত নসিব করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু মুজিব।”
এমবি





