ভোলার মেঘনা-তেতুঁলিয়ার ১৯০ কিলোমিটার এলাকায় আজ০১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
আজ (শুক্রবার) থেকে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই দুই মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
মৎস্য বিভাগ জানায়, মেঘনার নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এই ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা হিসেবে নিষেধাজ্ঞা থাকবে। এসময় ইলিশসহ যেকোনো মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকবে।
মৎস্য বিভাগ সূএ জানায়, এই দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ডিম ছাড়ে। আর এজন্য ১৯০ কিলোমিটার এলাকা মাছের অভয়াশ্রম। মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া নির্ভিগ্ন করতে মাছ ধরা বন্ধ থাকবে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলেরা যাতে ইলিশ না ধরে সে জন্য প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকেই ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞা সময়ে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ চাল দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধিত ৫২ হাজার জেলে পরিবার প্রতিমাসে ৪০ কেজি করে মোট ৪ মাস চাল দেয়া হবে।
শাহীন/এমবি





