কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফদুর আলী ওরফে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে গাজীরচর ইউনিয়নের সাদীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন মোল্লা জানান, পাঁচটি হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি ফদুর আলীকে গতকাল বুধবার পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে,ভোরে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে গাজীরচর ইউনিয়নের সাদীরচর গ্রামে যায়।
সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় ফদুর আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওসি আরো জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি বন্দুক ও একটি দেশী রিভলবার এবং ৯টি গুলি উদ্ধার করা হয়।
নিহত ফদুর আলী ওরফে রিপনের বাড়ি বাজিতপুর পৌরসভার দড়ি ঘাগটিয়া এলাকায়। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এমবি





