কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে বাবা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, রাত সাড়ে ১২টার দিকে জাঙ্গালিয়া গ্রামে কাজীহাটি গ্রামের কালবৈশাখী ঝড় আঘাত হানে।

এ সময় ঘরের ওপরে থাকা রেইন ট্রি গাছ ভেঙে পড়লে চাপা পড়ে ঘুমন্ত অবস্থাতেই হযরত আলী ও তার ছেলে রিজন মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে মশুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আবদুল মান্নানের ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

এছাড়া কুলিয়াচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী বেলাবো থেকে মাছ ব্রিক্রি করে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন শীতল চন্দ্র বর্মণ নামে এক জেলে।

কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় আসার পর ঝড়ে গাছ ভেঙে অটোরিকশার ওপর পড়ে যায়। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই শীতল চন্দ্রের মৃত্যু হয়।

তিন উপজেলায় বয়ে যাওয়া ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়ে। এছাড়া ইরি ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা যায়নি।

এআর