পাথর ও মাছ ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনারুল ওরফে এজাজুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দু'জন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহত এজাজুর রহমান মাছভর্তি ট্রাকের চালক ছিলেন। আহতরা মাছ ও পাথরভর্তি ট্রাকের চালক ও হেলপার।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী পাথর ও সিলেটগামী মাছভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, নিহত এজাজুর রহমানের বাড়ি যশোর হতে পারে। তবে তার পুরো পরিচয় পাওয়া যায়নি।

এআর