জমি নিয়ে বিরোধের জেরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দেবরের লাঠির আঘাতে ভাবী মারা যাওয়ার পর স্ত্রীর খুনের বদলা নিতে ছোট ভাইকে খুন করলেন বড়ভাই।
বুধবার সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের করিমের ছেলে হযরত আলী (৬০) ও তার ভাই সোলেমানের স্ত্রী সাজু বেগম (২৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাষশাহজানী গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে হযরত আলী লাঠি দিয়ে আঘাত করলে সাজু বেগম মারা যান। এরপর সোলেমানের লাঠির আঘাতে হযরত আলী মারা যান।
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাহমুদ





