মেট্রোরেলে চলাচলকারী যাত্রীসহ সবার নিরাপত্তায় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা ১৫নং সেক্টরে (দিয়াবাড়ি) মেট্রোরেল ডিপোর সামনে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, এমআরটি নিরাপত্তা বাহিনীর বিষয়ে এরই মধ্যে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি মন্ত্রিপরিষদে পাসের অপেক্ষায় রয়েছে। এর আগ পর্যন্ত ডিএমপি পুলিশ সদস্যরা মেট্রোরেলে নিরাপত্তায় কাজ করবে।

তিনি বলেন, ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধনে বহু ভিভিআইপি এখানে আসবেন। তাদের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্নে হয় সেজন্য ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এবিএস