পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মঞ্চ নাটক দেখতে এসে শাহিন উদ্দিন শেখ (৪২) নামে এক দর্শক খুন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৫ জন।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার তেওতা ষাটঘর এলাকায় এ ঘটনাটি ঘটে। শাহিন একই এলাকার নাছির উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ঈদু উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে উপজেলার তেওতা ষাটঘর এলাকায় মঞ্চনাটকের আয়োজন করা হয়। নাটক চলাকালীন সময়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে বেশ কয়েকজন দর্শক মঞ্চের সামনে বসা নিয়ে তর্কবিতর্ক করতে থাকেন।

এক পর্যায়ে তারা মঞ্চ ভাঙচুরের চেষ্টা চালালে মঞ্চের দায়িত্বে থাকা বেশ কয়েকজন তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে দর্শক এবং মঞ্চ কমিটির লোকদের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই নিহত হয় দর্শকের সারিতে বসে থাকা শাহিন। একই ঘটনায় আহত হয় কমপক্ষে আরও৫ দর্শক। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ভোরে নাটক চলাকালীন সময়ে অতর্কিতভাবে কে বা করা যেন দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে হামলা চালায়। এ ঘটনায় নিহত হয় শাহিন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেএ