আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রার্থী নারী অধিকারের বিষয়টিকে বেশি গুরুত্বসহকারে দেখবে, সেই প্রার্থীকে ভোট দেওয়া আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদিকা কাজী সুফিয়া আক্তার শেলী।

 

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত 'আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে'এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

 

নারীবান্ধব ঢাকা গড়ে তুলতে হবে এমন দাবি জানিয়ে তিনি বলেন, 'ঢাকাকে নারীবান্ধব ও আধুনিক শহর হিসেবে দেখতে চাই। যেখানে নারীরা তাদের অধিকারগুলোকে স্বাধীনভাবে পুরুষের সাথে তালমিলিয়ে পালন করতে পারবে এবং তারা কোন দিক থেকে কখনও বঞ্চিত হবে না। আমরা এই সমস্ত প্রার্থীদেরকেই ভোট দেওয়ার আহ্বান জানাবো।'

 

নির্বাচন কমিশনারের উদ্দেশ্য তিনি আরও বলেন, 'ধর্মকে যেন কোনও দল রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে সেই দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে এবং কেউ ধর্মকে ব্যবহার করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।'

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী সুফিয়া আক্তার শেলী বলেন, 'আমাদের মহিলা পরিষদের পক্ষ থেকে এখনও কোনও প্রার্থী আছে কিনা তা জানা যায়নি, কিন্তু কেউ প্রার্থী হলে আমাদের মহিলা পরিষদের পক্ষ থেকে কোন প্রকার বাধা থাকবে না।'

 

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করে তিনি বলেন, 'এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি যাতে সাংবিধানিকভাবে ও সময়মতো সুষ্ঠুভাবে হয় সেই দিকে নারী সমাজ সর্বদা সজাগ থাকবে।'

 

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, সহ-সভাপতি ফৌযিয়া মোসলেম,যুগ্ম সাধারণ সম্পাদক রাখি দাস পুরাকায়োস্ত, সীমা মোসলেম প্রমূখ।

 

এমএ/এসএইচ