আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দরের সড়কসহ সার্বিক উন্নয়নে ভারত সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
পর্যায়ক্রমে দু’টি বন্দরের অর্থনৈতিক উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে বিশ্ব বরেণ্য সাধক শ্রী শ্রী মা আনন্দময়ীর জন্মস্থান ও আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি এসময় বলেন, অচিরেই ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হবে।
শরণ আরও বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে থেকেই ভালো। হাসিনা ও মোদির বৈঠক ফলপ্রসু হয়েছে। দু’টি দেশের সম্পর্ক এমনিতেই ভালো, এই সম্পর্ক আরও অটুট হবে। দুই দেশের বিদ্যমান সমস্যা নিরসনে আলোচনা হবে।
বাংলাদেশিদের ভারতীয় ভিসা পাওয়ার ব্যাপারে তিনি বলেন, বিদ্যমান ভিসা আবেদন প্রক্রিয়াটি সহজতর নয়। এটা আরও সহজতর করতে বিকল্প পদ্ধতি বের করা হবে। যাতে সহজে সাধারণ মানুষ ভারতের ভিসার জন্য আবেদন করতে পারে।
পরে তিনি খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় ও খেওড়া শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘ আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। এর আগে তিনি ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নির্মিত স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ সাহা মনির সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম প্রমুখ।
জেআই





