কুমিল্লা ও চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা সদরের পালপাড়া ব্রিজ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১জন এবং চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে পৃথক স্থানে ঘটনা দু’টি ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ডিবির উপ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, জিরা সুমন গ্রুপ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালায়। এ সময় তারা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় ডিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এ সময় বন্দুকযুদ্ধে জিরা সুমন নিহত হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী জিরা সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম নগরীর ‘সন্ত্রাসী’ ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান বাদল (৩৫) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে মেহেদি হাসান বাদল হেঁটে বাসায় ফেরার সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেদি হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, সন্ত্রাসী মেহেদি হাসান বাদল নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে বায়েজিদ এলাকার বিভিন্ন শিল্পকারখানায় চাঁদাবাজি, ডাকাতি-ছিনতাই, ভূমি দখল, ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। ময়নাতদন্তের জন্য বাদলের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এআই