বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী স্টিমারের টিকেট আগামী ১ মে থেকে অনলাইনে পাওয়া যাবে।

 এ প্রসঙ্গে নৌ পরিবহসন মন্ত্রী বলেন, অনলাইনে টিকিট বিক্রির ফলে মানুষের দুর্ভোগ কমে যাবে। মানুষ সহজে টিকিট কিনতে পারবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ একধাপ এগিয়ে যাবে। 

মন্ত্রী আজ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরকালে এ কথা বলেন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিসি’র সচিব মো. ফজলুল করিম ও সহজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। 

অনলাইনে টিকেট পেতে যোগাযোগ করতে হবে www.shohoz.com  এ। এছাড়া কল সেন্টারে ১৬৩৭৪ নম্বরে ফোন করেও টিকেট পাওয়া যাবে। 

এ সময়ে অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

যাত্রীবাহী জাহাজের টিকেট পরীক্ষামূলকভাবে ১ বছরের জন্য অনলাইন প্রযুক্তির সাহায্যে বিক্রয়ের লক্ষ্যে সহজ লিমিটেড-এর মাধ্যমে পদ্ধতি চালু করা হবে। ওয়েবসাইট, কলসেন্টার, মোবাইল প্লাটফরম ও অন্যান্য মাধ্যমে সহজ লিমিটেড অনলাইন পদ্ধতি চালু করবে। এ প্রক্রিয়া শুরু করার পূর্বেই, যে প্রক্রিযায় অনলাইন পদ্ধতি চালু হবে তা বিআইডব্লিউটিসিকে সহজ লিমিটেড অবহিত করবে।

নিরাপত্তা জামানত হিসেবে সহজ লিমিটেড কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি’র খাতে পাঁচ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি জমা প্রদান করবেন। প্রতি সপ্তাহ শেষে টিকেট বিক্রয়ের সম্পূর্ণ অর্থ বিআইডব্লিউটিসি’র খাতে সহজ লিমিটেড কর্তৃক জমা প্রদান করবে। 

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনসহ সুলভ শ্রেণির টিকেট যাত্রার ৫ দিন আগে থেকে বিক্রয় করা যাবে। সহজ লিমিটেড কেবিনের প্রতি টিকেটের বিপরীতে ২১ টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। এছাড়া তৃতীয় প্রতি টিকেটে ১০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। 

প্রতিদিন বেলা ২ টার মধ্যে সর্বশেষ কি পরিমান টিকেট বিক্রি হয়েছে বিআইডব্লিউটিসিকে সহজ লিমিটেড কর্তৃপক্ষ অবহিত করবে। 

এম ভি বাঙ্গালী, পিএস মাহসুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন ও এমভি সেলা জাহাজের প্রথম ও দ্বিতীয় শ্রেণী ৭৪টি কেবিনের এবং তৃতীয় শ্রেণীর সকল টিকেট সহজ লিমিটেড কর্তৃপক্ষ অনলাইনে বিক্রি করতে পারবে। ভিআইপি ও অন্যান্য কেবিনের বিক্রয়ের দায়িত্ব বিআইডব্লিউটিসির উপর ন্যাস্ত থাকবে। 

জেআই