গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নে ডাকাত সন্দেহে আব্দুল মোতালেব নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

নিহত আব্দুল মোতালেবের বাড়ি কাপাসিয়ার পাতলা চামুর্কি এলাকায়। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্যাহ জানান, শুক্রবার ভোররাতে চামুর্কি থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তরে বরুণ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শাবল ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

কাপাসিয়ার ইউপি চেয়ারম্যান মো. আজগর হোসেন খান বলেন, রাত সাড়ে ৩টার দিকে বরুণ গ্রামের হাজী মালেকের বাড়িতে ৬/৭ জন ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন জেগে উঠলে তারা সেখান থেকে সরে গিয়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে অবস্থান নেয়।

কাছেই মাছের খামারে পাহারায় থাকা আনোয়ার হোসেন মুন্সী নামে এক ব্যক্তির সন্দেহ হলে তিনি কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এসময় ডাকাতরা ধাওয়া দিলে আনোয়ার ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে এবং ধাওয়া করে মোতালেবকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এআর