নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শিপা বিশ্বাস নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত শিপা বিশ্বাস (২২) বেসরকারি এনজিও ব্রাক’এর কর্মকর্তা ও পাবনা জেলার আকুল বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে বেসরকারি এনজিও ব্রাক’এর কর্মকর্তা আকুল বিশ্বাস তার পরিবার নিয়ে ইউনিয়নের ছাতারপাইয়া বাজার ও ব্রাক অফিসের পাশ্ববর্তী সোলাইমান ব্যাপারী বাড়ীতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। বৃহস্পতিবার সকালে তাদের পাশ্ববর্তী ভাড়াটিয়ারা তাদের কক্ষের জানালা দিয়ে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শিপা বিশ্বাসের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তবে স্বামী আকুল বিশ্বাস পলাতক রয়েছেন।

সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

কেএইচ