ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় স্থানীয় যুবলীগের তিন নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য রিফাত হাসান রুবেল এবং জেলা যুবলীগের সদস্য শাহীন মল্লিক ও সাজ্জাদুল আলম মুন্না।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

সদর থানার এসআই আব্দুল হালিম তালুকদার জানান, ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন- এমন অভিযোগে যুবলীগের ওই তিন নেতার বিরুদ্ধে সোমবার রাতে থানায়  একটি মামলা করেন প্রকৌশলী নিজেই। এর ভিত্তিতেই  তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, ঝালকাঠির শেখেরহাট ও নলছিটি উপজেলার  কয়েকটি সড়ক ও বাজার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার কাজের দরপত্র বিক্রির শেষ দিন ছিল সোমবার। ওইদিন  বিকেল ৪টার দিকে আটক তিন ব্যক্তি (ঠিকাদার) দরপত্র কিনতে গেলে এলজিইডির সংশ্লিষ্ট অফিস সহকারি ফেরদৌস তা দিতে অস্বীকার করেন। পরে,  বিষয়টি জানতে নির্বাহী প্রকৌশলীর কাছে গেলে, এ নিয়ে প্রকৌশলীর সঙ্গে তাদের  বাগবিতণ্ডা হয়।

জেএ