হবিগঞ্জের নবীগঞ্জে আবুল মিয়া নামের এক কৃষক হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ (বুধবার) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ রায় দেন। রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ফজলু মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া ও বশির মিয়া।
উল্লেখ্য, দাউদপুর গ্রামের কৃষক মো. আবুল মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মর্তুজ মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৮ সালের ২২ জুন সকাল সাড়ে ১১টায় হাওড়ে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল মিয়ার ওপর পূর্ব-পরিকল্পিতভাবে আসামিরা হামলা চালায়।
তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উক্ত ঘটনায় নিহতের ছোট ভাই ছাদিক মিয়া বাদী হয়ে ওই দিনই থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এমবি





