নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মালিবাগে বিলাসবহুল একটি চাইনিজ রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের দায়ে এক খাদ্য কর্মকর্তাসহ নয় নারী-পুরুষকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে এ অভিযানটি চলে। এ সময় ভ্রাম্যমাণ আদালত চাইনিজ রেস্টুরেন্টের নামে অবৈধ দেহ ব্যবসা চালানোয় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।

বন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদা বারিক জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালিবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এইচএস ক্যাসল ফুড চাইনিজ রেস্টুরেন্টের অন্তরালে রুম ভাড়া দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নারায়ণগঞ্জের এডিসি (জেনারেল) গাউসুল আযমের নেতৃত্বে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাবিবুর রহমান, ফারজানা, সুমন, নাফিজা, শফিকুল, হাওয়া বেগম, সোনারগাঁ উপজেলা খাদ্য কর্মকর্তা সালাউদ্দিন, কামরুন্নাহার ঝর্না ও রেস্টুরেন্টের সহকারী ম্যানেজার নোমানসহ নয় জনকে আটক করা হয়।

পরে বিকালে সাংবাদিকদের উপস্থিতিতে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোনারগাঁ উপজেলা খাদ্য কর্মকর্তা সালাউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে জেলা খাদ্য কর্মকর্তা জাফর সাদেক জিম্মায় নিয়ে যান।

নারায়ণগঞ্জের এডিসি (জেনারেল) গাউসুল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। আর প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

কেএইচ