রাজধানী মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বাসচাপায় আরিফুল ইসলাম সেলিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

কাফরুল থানার এসআই মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘ্টনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পিতার নাম মৃত সামসুল ইসলাম। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। আরিফুল ইসলাম সেলিম একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে।

কেএইচ