জয়পুরহাটের কালাইয়ে ডাকাতদের গুলিতে হিমাগারের ছয় কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
উপজেলার বৈরাগীর হাট এলাকার সাউথ পোল কোল্ড স্টোরেজে শনিবার মধরাতে ডাকাতির এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোল্ড স্টোরেজের কর্মচারী সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, শহি আলম, আয়েদুল হক, মামুন হোসেন ও ফারজানা বেগম। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাবিনা বেগম জানান, হিমাগারের কর্মচারী সিরাজুল শনিবার রাত ২টার সময় এসে তাদের বলেন- ডাকাত এসেছে, তোমরা সকলে বের হও। এ সময় কর্মচারীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি চালায়। এতে কয়েকজন আহত হন।
কোল্ড স্টোরেজের সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, রাতে একদল ডাকাত হিমাগারে প্রবেশ করে। এ সময় কর্মচারীরা বাধা দিলে তারা গুলি চালায়। এতে নারীসহ ছয় শ্রমিক আহত হন। ডাকাতরা হিসাব বিভাগের লকারের তালা ভেঙে প্রায় ১১ লাখ টাকা লুটে নিয়ে যায়।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে যাবে ও তদন্ত করে দেখবে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান তিনি।
এএইচ





