হবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার পূর্ব ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে এফজু বেগম (৫), একই গ্রামের আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহেদ মিয়ার ছেলে জীবন মিয়া (৩)।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই তিন শিশু গ্রামের জামে মসজিদের পুকুর পাড়ে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে তাদের লাশ গ্রামে নিয়ে গেলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলরাম পৌদ্দার জানান, শিশুদের শরীরে অতিরিক্ত পানি প্রবেশ করার তাদের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ তিনটি গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এমই