মেহেরপুরে ট্রাকের নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত হাবিবুর সদর উপজেলার বেলতলাপাড়া গ্রামের জাফর ইকবালের ছেলে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঝাউবাড়িয়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাবিবুর তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঝাউবাড়িয়া গ্রামের সড়ক হয়ে মেহেরপুর শহরে যাচ্ছিল। গ্রামের ইন্দারা মোড়ে বিপরীত দিক আসা বালু বোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে কাদায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের একটি চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাবিবুরের পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ঝিনাইদহ পলিটেকনিকে কলেজে ডিপ্লোমা শেষ করে ঢাকা বুয়েটে ভর্তির জন্য কোচিং করছিল। তিন দিন আগে ছুটিতে বাড়ি আসে। আজ সকালে জরুরি কাজে মোটর সাইকেলযোগে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার মৃত্যুও খবর শুনে পুরো পরিবাওে চলছে শোকের মাতম।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর