বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে সরকার।

এই শোভাযাত্রায় সব সরকারি চাকরিজীবীদের অংশ নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা সব মন্ত্রণালয়, বিভাগ ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় আগামী ২৫ নভেম্বর ঢাকা মহানগরীসহ সব জেলা ও উপজেলায় আনন্দ শোভাযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচি একযোগে সারা দেশে উদযাপনের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানানো হয়।

কর্মসূচিটি যথাযথভাবে উদযাপনের জন্য মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঢাকায় অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় কর্মসূচিতে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সেখানে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

এমএজেড