বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দুই দিনব্যাপী আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে। আগামীকাল বুধবার (০৭ ডিসেম্বর) থেকে ভারতের ত্রিপুরার আগরতলায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে সীমান্ত হত্যা ও চোরাচালানসহ দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রেজিওনাল কমান্ডার পর্যায়ে বুধবার ও বৃহস্পতিবার এ দুই দিন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কমন ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে, চোরাচালান ও বর্ডার কিলিং ইস্যু থাকবে।

বৈঠকে নেতৃত্ব দিতে বিজিবির একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) কুমিল্লা হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছাবে।

কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ছাড়াও মাদক, অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণসহ অন্যান্য চোরাচালান; নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে।

এবিএস