রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতের নাম নূর মোহাম্মদ রহমান (৩৬)। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলায়। বাবার নাম মৃত সমশের আলী।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, রাতে নূর মোহাম্মদ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। জনপদ মোড়ে আলম রেস্তোরাঁর সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় নূর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে এসআই।

তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এসআই আজহারুল আরও বলেন, নিহতের সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁরা শুধু জানিয়েছেন, তিনি কনস্টেবল হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।  

এমবি