মাগুরায় ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের এক নাতনি ও ভ্যান চালক।

রোববার (২৭ মার্চ) দুপুরে মাগুরা-নড়াইল সড়কের জগদল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার জগদল গ্রামের মৃত সুধীর দাসের স্ত্রী মায়া দাস (৬৫) ও তার ছোট বোন নড়াইলের খাড়েলা মির্জাপুর গ্রামের মৃত কালু বিশ্বাসের স্ত্রী দূর্গা বিশ্বাস (৬০)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে মাগুরা-নড়াইল সড়কের জগদল কলেজ এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানকে বিপরীতদিক থেকে আসা মাটি বহনকারী একটি ইঞ্জিন চালিত ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানের চার যাত্রী।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মায়া দাস ও দূর্গা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। তবে নিহত মায়া দাসের সঙ্গে থাকা নাতনি সনাতন দাস (১১) ও ভ্যানটির চালক জগদল গ্রামের সাদ্দাম (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরো বলেন, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় নিহতদের পরিবার মামলা করবেন না বলে জানিয়েছেন।

ওএফ