বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে দুই কাজীকে বরখাস্ত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা রেজিস্ট্রার।
তারা হলেন, চট্টগ্রামের হাটহাজারী ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার আবু জাফর মুহাম্মদ নাছির উদ্দিন ও হাটহাজারী পৌর সদর এলাকার রেজিস্ট্রার মো. বখতেয়ার উদ্দিন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসেন জানান, আবু জাফর ও বখতেয়ার উদ্দিনের বিরুদ্ধে বাল্যবিবাহ রেজিস্ট্রির অভিযোগ ছিল একাধিক।
সম্প্রতি অভিযোগের ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯-এর ৫ ও ৬ ধারায় অভিযোগ স্বীকার করায় আবু জাফর মুহাম্মদ নাছির উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করেন।
পরে বাল্যবিবাহ রেজিস্ট্রির দায়ে তাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের দেয়া এক দিনের সাজা ভোগ করার পর বুধবার ওই কাজিকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।
একই অপরাধে হাটহাজারী পৌরসভার নিকাহ রেজিস্ট্রার মো. বখতেয়ার উদ্দিনকেও বরখাস্ত করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এআর





