ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে আজ থেকে কর্মবিরতি পালন করছে গ্রীন লাইফ মেডিকেল এর ইন্টার্ন চিকিৎসকরা। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে সকল প্রকার চিকিৎসা কার্যক্রম স্থগিত করার ঘোষণাও দেন তারা। আজ দুপুরে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটালের সামনেই আন্দোলনের মাধ্যমে তারা এসব দাবি জানান।
প্রথাগত নিয়ম অনুসারে চূড়ান্ত পেশাগত পরীক্ষা সফলভাবে পাস করার পর সকল শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে যোগদান করে থাকেন। এ সময় একজন ইন্টার্ন চিকিৎসক সাধারন মেডিকেল অফিসার এর মত প্রায় সকল কর্মকাণ্ড পালন করেন।
একজন পূর্ণাঙ্গ চিকিৎসক এর মত সকল দায়িত্ব পালন করার পরেও তার সম্মানি নাম মাত্র। তবে এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এ বছর দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বিক্ষোভ শুরু হয়। যার ফলস্বরূপ দেশের সকল ইন্টার্ন চিকিৎসকদের সম্মানি ভাতা ১৫,০০০/-(পনের হাজার) টাকা নির্ধারণ করে সরকার।
তবে দেশের অনেক মেডিকেল কলেজ বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজসমূহে মানা হচ্ছে না এই নীতি । এর ফলে ইন্টার্ন চিকিৎসকগন তাদের কর্মে স্পৃহা হারিয়ে ফেলছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা তাদের নব নির্ধারিত ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ঘোষণা করলে, তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তাদের ভাতা ১৫০০০/- (পনের হাজার) টাকায় উন্নীত করার ঘোষণাও দেয়া হয়।
এমএনজে





