রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রাইভেটকারের চাপায় আতাউর রহমান ও রওশন আরা দম্পতি নিহতের ঘটনায় গাড়ির মালিককে চিহ্নিত করেছে পুলিশ।

দুর্ঘটনায় দুমরে-মুচড়ে যাওয়া ওই গাড়ির মালিক আশিকুর রহমান খান। তবে পুলিশের ধারণা, ঘটনার সময় গাড়িতে তার ছেলে নাফিস খান অনি ও তার কয়েকজন বন্ধু ছিলেন।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস রহমান জানান, গাড়ির মালিককে চিহ্নিত করা হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া গেছে।

তবে দুর্ঘটনার সময় গাড়িতে কারা ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়ির মালিক ঠিকাদার আশিকুর রহমানকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এসআই ফেরদৌস রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রহমান জানান, গাড়ির মালিককে আটক করা গেলে ঘটনার সময় গাড়িতে কারা ছিলো জানা যাবে।

বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে প্রাইভেট কারের চাপায় স্বামী-স্ত্রী দু’জন নিহত হন। গাড়িটি ফেলে পালিয়ে যায় ঘাতকরা।

কাফরুল থানা সূত্র জানায়, গাড়িতে থাকা পরিচয়পত্র ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে গাড়ির মালিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে আটক করতে তার নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ জানায়, বাংলাদেশ রোড অ্যান্ড ট্র্যান্সপোর্ট অথরিটির ( বি আরটিএ) তথ্যানুসারে  ২০০৮ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির বেশ কয়েকবার মালিকানা পরিবর্তন হয়েছে। সর্বশেষ ঢাকা মেট্রো-গ, ২১৮৫৭১ নম্বরের গাড়ি নাইম নামের এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন আশিকুর রহমান খান।

এমবি