ইন্টারন্যাশনাল মেয়রস কনফারেন্সে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

আগামীকাল (শুক্রবার) থেকে জার্মানির ডুসেল্ডর্ফ শহরে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই কনফারেন্স শেষ হবে ০১ সেপ্টেম্বর। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়ররা এতে অংশ নেবেন।

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মন্ত্রীবর্গ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কনফারেন্সে অংশগ্রহণের কথা রয়েছে।

মোট পাঁচটি সেশনে যোগাযোগমূলক, স্বাস্থ্যসম্মত, অভিঘাত সহনশীল, সংযোগ স্থাপন ও অন্তর্ভূক্তিমূলক শহরের বিষয়ে আলোচনা হবে এই কনফারেন্সে।

ডিএনসিসিকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষদের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী বিনির্মাণের বিষয়ে সম্মেলনে উপস্থাপন করবেন মেয়র আতিকুল।

এছাড়া ডুসেল্ডর্ফ শহরের মেয়র ডুসেল্ডর্ফ শহরকে ঢাকা শহরের ‘পার্টনার সিটি’ হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কনফারেন্স শেষে ডিএনসিসি মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।

এমবি